• ঢাকা
  • শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০৮:৫৮ পিএম
শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে বড় সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

সরকারি চাকরিজীবীদের মতো এমপিওভুক্ত শিক্ষকদেরও উৎসব ভাতা শতভাগ করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা মূল বেতনের ৫০ শতাংশ উৎসব ভাতা পান। সেই ভাতাকে শতভাগ করার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গণমাধ্যমকে এ বিষয়ে তিনি কথা বলেন।

সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, যেখানে সরকারি চাকরিজীবীরা মূল বেতনের শতভাগ উৎসব ভাতা পান, সেখানে বেসরকারি শিক্ষকরা কেন একই সুবিধা পাচ্ছেন না। জবাবে তিনি বলেন, ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের উৎসব ভাতার বিষয়টি আমি জানি। এবার এটি আমাদের সরকারের আমলে বাস্তবায়িত হবে। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।’

এর আগে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের আগে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য আবেদন জমা দিয়েছে, সেগুলো যাচাই-বাছাই করে প্রধানমন্ত্রীকে প্রস্তাব দেওয়া হবে। তিনি বলেন, কোনো ধরনের অনিয়ম বা ঘুষ-বাণিজ্যের বিষয় খতিয়ে দেখা হবে।

শিক্ষকদের বদলির প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলির প্রক্রিয়া যত দ্রুত সম্ভব চালু করা হবে। আমাদের আশা, শিগগিরই এটি কার্যকর করা যাবে। যদি সিস্টেমে কোনো ত্রুটি থেকে থাকে, সেটাও খতিয়ে দেখা হবে।’

বেতন বিলম্ব নিয়ে তিনি আরো জানান, ‘যদি কোনো মাসে বেতন প্রদানে দেরি হয়, বিষয়টি পর্যবেক্ষণ করা হবে এবং তা দ্রুত দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ কারণে বিলম্ব হলে সেটিও খতিয়ে দেখা হবে।’

এম

Wordbridge School
Link copied!