• ঢাকা
  • বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

 মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু


বগুড়া প্রতিনিধি ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৮:০৯ পিএম
 মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন ব্যাংক কর্মকর্তার মৃত্যু

ছবি: প্রতিনিধি

বগুড়ায় ‘মায়ের আশ্রয়’ নামে একটি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় সামিউল ইসলাম শুভ নামে এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বগুড়া সদরের সাবগ্রামস্থ ওই নিরাময় কেন্দ্রে শুভ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তিনি মারা যান। শুভ কাহালু উপজেলার বাসিন্দা এবং দুপচাঁচিয়া জনতা ব্যাংকের সেকেন্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

নিহতের স্ত্রীর বরাত দিয়ে বগুড়া মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক জিল্লুর রহমান জানান, ব্যাংক কর্মকর্তা শুভ মাদকাসক্ত ছিলেন। বগুড়া সিভিল সার্জন অফিসের এক চিকিৎসকের পরামর্শে তাকে ওই মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।  মঙ্গলবার রাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। 

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনিরুল ইসলাম এ ব্যাপারে বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ওই ব্যাংক কর্মকর্তার মৃত্যুর ব্যাপারে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। নিহতের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। 

এসএইচ 

Wordbridge School
Link copied!