সরকারি চাল আত্মসাতের অভিযোগকে কেন্দ্র করে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এ হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
সোমবার (৯ মার্চ) দুপুর প্রায় ১টার দিকে বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। হামলার শিকার হন নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদারের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি চেয়ারম্যান হুমায়ুন কবির ও তার সহযোগীদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে হামলাকারীরা চেয়ারম্যানকে মারধর করতে করতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। পরিস্থিতি বেগতিক দেখে চেয়ারম্যান দৌড়ে ইউনিয়ন পরিষদের ভেতরে আশ্রয় নেন। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা হামলার মুখে দ্রুত সরে যান।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি নিয়ামতি ইউনিয়নে দুস্থ নারীদের জন্য সরকারের ভিডব্লিউবি কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ ওঠে চেয়ারম্যানের বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বিষয়টি তদন্তে একটি দল পাঠায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, তদন্ত চলাকালেই স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জড়ো হন। এ সময় উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে চেয়ারম্যানের ওপর হামলার ঘটনা ঘটে।
হামলার পর অভিযুক্তরা চেয়ারম্যানের বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগ তুলে ইউনিয়ন পরিষদের সামনে বিক্ষোভ মিছিল করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে বাকেরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খান শামীম পারভেজ বলেন, নিয়ামতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের প্রাথমিক কোনো প্রমাণ পাওয়া যায়নি। আমাদের উপস্থিতিতেই হামলার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আমিও সামান্য আহত হয়েছি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানিয়েছি।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক জিয়াউল হক আকন বলেন, সাংবাদিক ও প্রশাসনের উপস্থিতিতে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার ও তার লোকজন চেয়ারম্যানের ওপর হামলা চালিয়েছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা।
প্রসঙ্গত, চেয়ারম্যান হুমায়ুন কবির বরিশাল জেলা ইসলামী আন্দোলনের একজন সদস্য। ঘটনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশ এর পক্ষ থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
দলটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম এক বিবৃতিতে বলেন, বিএনপির নিয়ামতি ইউনিয়ন সাধারণ সম্পাদক সোহেল সিকদার এবং ছাত্রদলের ইউনিয়ন সাধারণ সম্পাদক রাকিব মোসাব্বিরের নেতৃত্বে চেয়ারম্যানের ওপর হামলা করা হয়েছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, স্বেচ্ছাসেবক দল নেতা নয়ন খান, যুবদল নেতা জুয়েল হাওলাদার, সোহেল হাওলাদার, এনামুল, কেন্দ্রীয় যুবদল নেতা সালাম সিকদারসহ কয়েকজন এ হামলায় জড়িত ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান মিজান মিয়া বলেন, চেয়ারম্যানের ওপর হামলার বিষয়টি শুনেছি। দলের নেতাদের সঙ্গে আলোচনা করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল সিকদার বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে চাল আত্মসাতের অভিযোগের খবর পেয়ে পরিষদে গিয়েছিলাম। তবে হঠাৎ করে এমন হামলার ঘটনা ঘটবে তা বুঝতে পারিনি।
বরিশাল বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার সোহেল রানা জানান, হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরিশাল বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আফরোজ বলেন, চেয়ারম্যানের ওপর হামলার একটি ভিডিও ফুটেজ দেখেছি। ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে এবং তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এম







































