ঈদকে ঘিরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ বরাবরই দর্শকদের জন্য নিয়ে আসে বিশেষ আয়োজন। এবারের ঈদেও তার ব্যতিক্রম হচ্ছে না। বর্ণাঢ্য পরিবেশনা ও নতুন ভাবনার নৃত্য আয়োজন নিয়ে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছে ঈদের বিশেষ পর্ব।
এই পর্বের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে মনোমুগ্ধকর একটি নৃত্য পরিবেশনা। এতে অংশ নিয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী তমা মির্জা ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। তাদের সঙ্গে নাচে অংশ নিয়েছেন একদল দক্ষ নৃত্যশিল্পী। নৃত্য পরিচালনা করেছেন ইভান শাহরিয়ার সোহাগ।

অনুষ্ঠানটির নির্মাতা হানিফ সংকেত জানিয়েছেন, প্রতি ঈদেই ইত্যাদির নাচে নতুনত্ব আনার চেষ্টা করা হয়। এবারের পরিবেশনাতেও সংগীত, ভাবনা ও চিত্রায়ণে ভিন্ন মাত্রা যোগ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এজন্য আলাদাভাবে তৈরি করা হয়েছে নতুন সংগীত, যার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করা হয়েছে নাচের কোরিওগ্রাফি।
ফাগুন অডিও ভিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নাচটি সফলভাবে উপস্থাপনের জন্য শিল্পীরা দীর্ঘদিন ধরে নিয়মিত মহড়া দিয়েছেন। পরিবেশনাটিকে আকর্ষণীয় করে তুলতে ক্লাসিক্যাল, ফোক এবং আধুনিক সংগীতের মিশ্রণে সুর তৈরি করেছেন তরুণ সংগীত পরিচালক আকাশ মাহমুদ।

নির্মাতাদের আশা, সব মিলিয়ে এবারের ঈদের ইত্যাদির এই নৃত্য পরিবেশনা দর্শকদের জন্য হবে বিশেষ আকর্ষণ।
প্রতিবারের মতো এবারের ঈদ বিশেষ ‘ইত্যাদি’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন এবং পৃষ্ঠপোষকতায় রয়েছে কেয়া কসমেটিকস লিমিটেড।
এম







































