শরীরের গঠন নিয়ে করা এক প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমণি। সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি সরাসরি বলেন, “স্টুপিড কোয়েশ্চন।”
রাজধানীর গুলশান শুটিং ক্লাবে আয়োজিত ‘রামাদান ফেস্ট’ নামের এক অনুষ্ঠানে অংশ নেন পরীমণি। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে পূণ্যও। অনুষ্ঠানে নায়িকাকে দেখা যায় ভিন্ন সাজে—অ্যারাবিয়ান ধাঁচের বোরকা পরেছিলেন তিনি, যা দর্শকদের নজর কাড়ে।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকরা তার সাম্প্রতিক শারীরিক পরিবর্তন নিয়ে প্রশ্ন করেন। অনেকের মতে, আগের তুলনায় তিনি এখন বেশ স্লিম দেখাচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে পরীমণি তৎক্ষণাৎ মাইক হাতে নিয়ে বলেন, “স্টুপিড কোয়েশ্চন।” এরপর কিছুক্ষণ নীরব থাকেন তিনি।
পরে এ প্রসঙ্গে নিজের অবস্থান ব্যাখ্যা করে নায়িকা বলেন, কেউ তার সৌন্দর্যের প্রশংসা করলে তিনি কৃতজ্ঞ। তবে মানুষের শরীরের গঠন—কে চিকন বা মোটা—এসব বিষয় নিয়ে অতিরিক্ত আলোচনা করা ঠিক নয়। তার মতে, মানুষ সব ধরনের গঠন ও রঙেই সুন্দর, তাই এসব বিষয় নিয়ে মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তায় পরীমণি জানিয়েছিলেন, তিনি গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত ওই আয়োজনে অংশ নেবেন এবং ভক্তদের সঙ্গে দেখা করবেন।
এদিকে চলচ্চিত্রাঙ্গনে আলোচনা রয়েছে, আসন্ন ঈদে মুক্তির সম্ভাব্য তালিকায় রয়েছে পরীমণি অভিনীত সিনেমা ‘ডোডোর গল্প’। ছবিটি মুক্তি পেলে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় দেখা যেতে পারে এই জনপ্রিয় অভিনেত্রীকে।
এম







































