ছবি : প্রতিনিধি
নীলফামারী: নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরও দুইজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।
নিহত মজনু মিয়া ডোমার পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকার মৃত তফির উদ্দীনের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) সকালে বিরোধপূর্ণ জমির শুকনো একটি গাছ কাটতে গেলে বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাইকে বাধা দেন প্রতিপক্ষ সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা। এ সময় দুই পরে মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মজনু মিয়ার মৃত্যু হয়। আহত দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা জানান, সকাল ৯ টার দিকে হাতপাতালে নেয়ার পূর্বেই ওই ব্যক্তি মৃত্যু হয়।
ডোমার থানার ওসি হাবিবুল্লাহ জানান, জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধের জেরে দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
পিএস







































