• ঢাকা
  • বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন


পিরোজপুর প্রতিনিধি এপ্রিল ১৫, ২০২৬, ০৩:৩২ পিএম
পিরোজপুরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন

ছবি: প্রতিনিধি

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুটি খালের পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে।

বুধবার সকালে চড়খালি কাটাখাল ও ভারানীর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, দেশের নদী-নালা, খাল ও জলাশয় পুনরুদ্ধার বর্তমান সরকারের একটি অগ্রাধিকারমূলক কর্মসূচি। এর মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং কৃষি উৎপাদন বাড়বে।

তিনি আরও জানান, সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন ও পুনঃখনন করা হবে। এতে দেশের পানি ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইসরাত জাহান, ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হালদারসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে খাল দুটি ভরাট হয়ে থাকায় পানি প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছিল। পুনঃখনন কাজ সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষি ও মৎস্য খাতে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

সরকার খাল পুনঃখননকে দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে। পানি ব্যবস্থাপনা উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনে দেশব্যাপী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

এসএইচ 
 

Link copied!