ছবি: প্রতিনিধি
খুলনায় কর্তব্যরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার খুলনা রেলওয়ে জেলা কার্যালয়ে এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট বিশ্বাস (২৭) গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বাসিন্দা। তিনি রেলওয়ে পুলিশের সদস্য হিসেবে খুলনায় কর্মরত ছিলেন।
ঘটনার পর খুলনা রেলওয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোরে দায়িত্ব পালনকালে নিজের ইস্যুকৃত চাইনিজ রাইফেল দিয়ে মাথায় গুলি করেন সম্রাট বিশ্বাস। গুলির পর তিনি চেয়ার থেকে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খুলনা রেলওয়ে পুলিশ সুপার আহম্মদ নাঈমুল হাসান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করেছেন। তবে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হতে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।
নিহত সম্রাট বিশ্বাসের স্ত্রী পূজা বিশ্বাস সাতক্ষীরায় কর্মরত একজন নারী পুলিশ সদস্য।
এসএইচ







































