ছবি : প্রতিনিধি
নেত্রকোনা: কৃষি ও ফ্যামিলি কার্ড বিতরণে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে কলমাকান্দায় তিন দিনব্যাপী ‘কৃষি প্রযুক্তি মেলা-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল-মামুন।
ব্যারিস্টার কায়সার কামাল বলেন, টাকার বিনিময়ে ভাতা বা কার্ড বিতরণের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা ও বিভাগীয় মামলা করা হবে। কার্ড বিতরণের ক্ষেত্রে প্রান্তিক, ক্ষুদ্র ও প্রকৃত অসহায় কৃষকদের অগ্রাধিকার দিতে হবে। কোনোভাবেই দোতলা ভবনের মালিক কিংবা অকৃষকদের এ সুবিধা দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, ইউএনও ও কৃষি কর্মকর্তাদের সমন্বয়ে স্বচ্ছ কমিটির মাধ্যমে কার্ড বিতরণ করতে হবে। ফ্যামিলি ও কৃষি কার্ড সরকারের গুরুত্বপূর্ণ ‘সিগনেচার প্রজেক্ট’। এ কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ডেপুটি স্পিকার বলেন, জনগণের করের টাকায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন দেওয়া হয়। তাই কৃষকদের তথ্য প্রদান ও সেবা নিশ্চিতে কোনো ধরনের অবহেলা মেনে নেওয়া হবে না। দায়িত্ব পালনে যারা সততা ও নিষ্ঠা দেখাতে পারবেন না, তাদের স্বেচ্ছায় চাকরি থেকে সরে যাওয়ার পরামর্শ দেন তিনি।
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এ নীতি সামনে রেখে হাওর ও পাহাড়বেষ্টিত কলমাকান্দার কৃষির উন্নয়নে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পিএস



























original1787417799-20260822173831.jpg)











