• ঢাকা
  • শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিজের বাল্যবিয়ে বন্ধ করতে থানায় গেলেন এসএসসি পরীক্ষার্থী ছাত্রী


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ১৮, ২০২৬, ০৬:০৯ পিএম
নিজের বাল্যবিয়ে বন্ধ করতে থানায় গেলেন এসএসসি পরীক্ষার্থী ছাত্রী

ছবি: প্রতিনিধি

পিরোজপুরের জিয়ানগরে নিজের বাল্যবিয়ে রুখতে থানায় গিয়ে আশ্রয় নিয়েছেন এক এসএসসি পরীক্ষার্থী ছাত্রী। পরে পরিবারের কাছ থেকে বিয়ে না দেওয়ার মুচলেকা নিয়ে তাকে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার সকালে উপজেলার চাড়াখালী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তাহমিনা আক্তার (ছদ্মনাম) স্থানীয় সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার তাহমিনার পরিবার তাকে এক প্রবাসী যুবকের সঙ্গে বিয়ে দেওয়ার প্রস্তুতি নেয়। তবে বিয়েতে অমত জানিয়ে তিনি প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে ইন্দুরকানী থানায় গিয়ে অভিযোগ করেন। পরে পুলিশ পরিবারের কাছ থেকে বিয়ে না দেওয়ার মুচলেকা নিয়ে তাকে বাড়িতে পাঠায়।

তবে শুক্রবার রাতেই আবারও বিয়ের চাপ সৃষ্টি করা হলে শনিবার সকালে তাহমিনা দ্বিতীয়বার থানায় গিয়ে আশ্রয় নেন।

থানায় উপস্থিত হয়ে তিনি সাংবাদিকদের বলেন, তাকে জোর করে বিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তিনি লেখাপড়া চালিয়ে যেতে চান এবং এসএসসি পরীক্ষা দিতে চান।

সহপাঠীরা জানান, তাহমিনা একজন মেধাবী শিক্ষার্থী এবং নিয়মিত ক্লাস করেন। তারা তার পড়াশোনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নিয়েছেন।

তাহমিনার বাবা আলম হাওলাদার বলেন, ভালো ছেলে পাওয়ায় তিনি বিয়ের আয়োজন করেছিলেন, তবে মেয়ের অসম্মতির কারণে সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। তিনি বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে জানান।

ইন্দুরকানী থানার উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, দুইবার থানায় আসার পর অভিভাবকদের ডেকে মুচলেকা নিয়ে শিক্ষার্থীকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

এসএইচ 

Link copied!