ছবি: প্রতিনিধি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) হলের আসন দখলকে কেন্দ্র করে ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম হল প্রভোস্ট, সংশ্লিষ্ট কর্মকর্তা ও দুই পক্ষের ছাত্রনেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে আলোচনা-পর্যালোচনার পর ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, স্বাধীনতা হলের প্রভোস্ট মো. আল ফাহাদ ভূঁইয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের কমিটি করা হয়েছে। কমিটির সদস্যসচিব জুলাই-৬ হলের সহকারী প্রভোস্ট দয়াল চন্দ্র রায় এবং সদস্য সহকারী ছাত্র উপদেষ্টা বায়জীদ হাসান। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত আটটার দিকে জুলাই-৬ হলের ৭১৭ নম্বর কক্ষে একটি আসনকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। ওই কক্ষে সমাজকর্ম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাঈম হোসেন থাকতেন। পরে তিনি ডাবল বেডের অন্য একটি কক্ষে চলে যান। তাঁর আগের আসনে সমাজকর্ম বিভাগের এক জুনিয়র শিক্ষার্থীকে তুলে দেন। তবে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক ও সভাপতি পক্ষের নেতা রুমেল হোসেন এতে আপত্তি জানান। পরে তিনি ওই কক্ষে গিয়ে বিছানাসহ আসবাব সরিয়ে নিজের অনুসারী এক শিক্ষার্থীকে সেখানে ওঠানোর চেষ্টা করেন।
এ নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পক্ষের নেতা-কর্মীদের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে সাধারণ সম্পাদক পক্ষের তুর মোহাম্মদ মুবতাসিমকে সভাপতি পক্ষের কয়েকজন নেতা-কর্মী আঘাত করেন বলে অভিযোগ ওঠে। পরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
সংঘর্ষে জুলাই-৬ হল শাখা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ছুরিকাহত হন। তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শুভ ব্রহ্মচারী অজ্ঞান হয়ে পড়লে তাঁকেও অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সভাপতি পক্ষের কয়েকজন নেতা-কর্মী জুলাই-৬ হলের গেস্ট রুমে আশ্রয় নেন। এ সময় সাধারণ সম্পাদক পক্ষের নেতা-কর্মীরা বাইরে থেকে গেস্ট রুমের দরজা ভাঙার চেষ্টা করেন। একপর্যায়ে গেস্ট রুমে থাকা কয়েকজন জানালা ভেঙে পেছনের দিক দিয়ে বেরিয়ে যান।
সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পক্ষের দাবি, গেস্ট রুমে অবস্থান নেওয়া সভাপতি পক্ষের কয়েকজন ছাত্রদল নেতার কাছে অবৈধ অস্ত্র ছিল। হল প্রশাসনকে সঙ্গে নিয়ে তাঁদের অস্ত্রসহ আটক করার চেষ্টা করা হলে তাঁরা জানালা ভেঙে পালিয়ে যান। তবে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মুজাহিদ হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি পক্ষের দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। নিজেদের দোষ আড়াল করতে তাঁর পক্ষের নেতা-কর্মীদের ওপর দায় চাপানো হচ্ছে।
এসএইচ







































