• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মাঠেই নতুন আলুর কেজি ৬০ টাকা, খুশি কৃষকরা


নীলফামারী প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২৬, ০৬:২৬ পিএম
মাঠেই নতুন আলুর কেজি ৬০ টাকা, খুশি কৃষকরা

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে আগাম জাতের আলু উত্তোলন শুরু হয়েছে। ভালো ফলনের পাশাপাশি শুরুতেই আশানুরূপ দাম পাওয়ায় খুশি জেলার আলুচাষিরা। বর্তমানে জমি থেকেই প্রতি কেজি আলু ৫৫ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পাইকারেরা ক্ষেত থেকেই নগদ টাকায় আলু কিনে নিয়ে যাচ্ছেন।

আগাম আলু চাষের জন্য বিখ্যাত নীলফামারীর কিশোরগঞ্জ ও জলঢাকা উপজেলা। দেশের আগাম আলুর বড় একটি অংশ উৎপাদিত হয় এ দুই উপজেলায়। আগাম আমন ধান কাটার পর এখানকার কৃষকেরা জমি পতিত না রেখে আলু চাষে ঝুঁকেছেন। মাত্র ৫৫ থেকে ৬০ দিনের মধ্যে উৎপাদিত রুমানা, সেভেন ও কারেজ জাতের আলু চাষ করছেন তাঁরা।

অগ্রহায়ণের প্রথম দিন থেকেই জেলায় আগাম আলু উত্তোলন শুরু হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। শুরুতে ভালো দাম পাওয়ায় কৃষকদের মুখে হাসি ফুটেছে। ক্ষেত থেকেই পাইকারেরা প্রতি কেজি ৫৫ থেকে ৬০ টাকা দরে আলু কিনে নিচ্ছেন।

কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কেশবা গ্রামের আলুচাষি তুহিন ইসলাম বলেন, এ বছর ১০০ শতাংশ জমিতে কারেজ ও সেভেন জাতের আগাম আলু চাষ করেছেন তিনি। এরই মধ্যে ২২ শতাংশ জমির আলু উত্তোলন করেছেন। এতে ফলন পেয়েছেন ৪০০ কেজি। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। ক্ষেত থেকেই পাইকারদের কাছে প্রতি কেজি ৬০ টাকা দরে আলু বিক্রি করেছেন তিনি।

একই উপজেলার রনচন্ডী ইউনিয়নের কুঠিপাড়া গ্রামের আলুচাষি আব্দুর রহিম বলেন, আগাম আলু বিক্রিতে কোনো ঝামেলা নেই। ব্যবসায়ীরা সরাসরি জমিতে এসে নগদ টাকায় আলু কিনে নিয়ে যাচ্ছেন। তিন দিন আগে ২০ শতাংশ জমির কারেজ জাতের আলু উত্তোলন করে ৩৪০ কেজি ফলন পেয়েছেন। প্রতি কেজি ৬২ টাকা দরে বিক্রি করে পেয়েছেন ২১ হাজার টাকা। উৎপাদনে খরচ হয়েছে ১৪ হাজার টাকা। খরচ বাদে লাভ হয়েছে ৭ হাজার টাকা। এ ছাড়া ওই জমিতে সাথি ফসল হিসেবে কলা ও কুমড়া রয়েছে। সেখান থেকে পাওয়া আয় পুরোটাই লাভ হবে বলে জানান তিনি।

আলু ব্যবসায়ীরা জানান, নীলফামারীতে আগাম আলু উঠতে শুরু করেছে। প্রথম দিকে প্রতি কেজি আলু ৭০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। বর্তমানে আলুর ধরনভেদে ৫৫ থেকে ৬০ টাকা দরে কেনা হচ্ছে। এসব আলু ট্রাকে করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর নীলফামারী জেলায় ৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আগাম জাতের আলু চাষ করা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ উপজেলাতেই চাষ হয়েছে ৪ হাজার ৪০০ হেক্টর জমিতে।

নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মন্ডল বলেন, দেশের অন্যান্য জেলার আগেই নীলফামারীতে আগাম আলু উত্তোলন শুরু হয়। এ বছর বাজারে আগাম আলুর ভালো দাম পাওয়ায় কৃষকেরা লাভবান হচ্ছেন।

এসএইচ 

Link copied!