• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত


রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি নভেম্বর ২৪, ২০২৬, ০৭:১১ পিএম
রূপগঞ্জে চাচার ছুরিকাঘাতে ভাতিজা নিহত

ছবি: প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে চাচার ছুরিকাঘাতে গুরুতর আহত মাদ্রাসাশিক্ষার্থী ইয়াছিন মিয়া ওরফে মিশকাত (২২) মারা গেছেন। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

নিহত ইয়াছিন উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই গ্রামের শফিকুল ইসলামের ছেলে। তিনি দেবই-কাজিরবাগ মাদ্রাসা থেকে আলিম পরীক্ষায় অংশ নিয়ে একটি বিষয়ে অকৃতকার্য হয়েছিলেন। আগামী সপ্তাহে ওই বিষয়ে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তাঁর। তবে পরীক্ষায় বসার আগেই সহিংসতার শিকার হয়ে প্রাণ হারালেন তিনি।

নিহতের বোনজামাই মাসুম মিয়ার অভিযোগ, দেবই মাদ্রাসার দপ্তরি ও ইয়াছিনের চাচা মামুনের সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা চলছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর সন্ধ্যায় মাদ্রাসার সামনে ইয়াছিনের ওপর হামলা চালানো হয়। এ সময় মামুন, রিয়াদ, শান্তসহ অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হন। ইয়াছিনকে একা পেয়ে তাঁরা তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে মামুন তাঁর হাতে থাকা ছুরি দিয়ে ইয়াছিনের পেটে আঘাত করেন বলে অভিযোগ করেন মাসুম।

পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত ইয়াছিনকে উদ্ধার করে পরিবারের সদস্যরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বোনজামাই মাসুম মিয়া বাদী হয়ে রূপগঞ্জ থানায় অভিযোগ করেন। ইয়াছিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেবই গ্রামসহ আশপাশের এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্ত শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ২টার দিকে ইয়াছিনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়ার কথা রয়েছে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, এ ঘটনায় আগে একটি অভিযোগ পাওয়া গিয়েছিল। সেটির ভিত্তিতে মামলা হয়েছে। ইয়াছিনের মৃত্যুর ঘটনায় নতুন করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এসএইচ 

Link copied!