• ঢাকা
  • বুধবার, ২২ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিজের বিয়ে ঠেকানো শিক্ষার্থী তহমিনা পেল “কন্যা সাহসিকতা” পদক


পিরোজপুর প্রতিনিধি এপ্রিল ২২, ২০২৬, ০৪:৩৫ পিএম
নিজের বিয়ে ঠেকানো শিক্ষার্থী তহমিনা পেল  “কন্যা সাহসিকতা”  পদক

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরের জিয়ানগরের সাহসী শিক্ষার্থী তহমিনা আক্তার বাল্যবিবাহ থেকে নিজেকে রক্ষা করে শিক্ষাজীবন চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয়ের স্বীকৃতি হিসেবে “কন্যা সাহসিকতা” সম্মাননা স্মারক পেয়েছেন। এর পাশাপাশি তাকে সার্টিফিকেট ও পড়াশোনা অব্যাহত রাখতে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে। 

তহমিনা আক্তার জিয়ানগর সরকারি সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী। তিনি উপজেলার ৪নং ইন্দুরকানী সদর ইউনিয়নের ১নং চাড়াখালী ওয়ার্ডের বাসিন্দা আলম হাওলাদারের মেয়ে।

বুধবার (২২ এপ্রিল) পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ তার হাতে “কন্যা সাহসিকতা” সম্মাননা স্মারক, সার্টিফিকেট এবং আর্থিক অনুদান তুলে দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসান মো. হাফিজুর রহমান এ বিষয়ে বলেন, “তহমিনা আক্তার যে সাহসিকতার পরিচয় দিয়েছে, তা আমাদের মুগ্ধ করেছে। তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। তাকে পুরস্কৃত করতে পেরে আমরা আনন্দিত।”

এর আগে গত ১৮ এপ্রিল বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেতে তহমিনা জিয়ানগর থানায় আশ্রয় নেন। পরে উপজেলা প্রশাসন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সহযোগিতায় তার বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয়। একইসঙ্গে তার বাবা আলম হাওলাদারের কাছ থেকে ভবিষ্যতে বাল্যবিবাহ দেবেন না—এ মর্মে মুচলেকা নেওয়া হয়।

পিএস

Link copied!