• ঢাকা
  • শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

তীব্র গরমে অচেতন ৩ পুলিশ সদস্য 


নিজস্ব প্রতিবেদক এপ্রিল ২৫, ২০২৬, ০৬:০১ পিএম
তীব্র গরমে অচেতন ৩ পুলিশ সদস্য 

ফাইল ছবি

তীব্র গরম আর লোডশেডিংয়ের কারণে চণ্ড গরমে অচেতন হয়ে পড়েন সরাইল থানার তিন পুলিশ সদস্য। তারা হলেন- কনস্টেবল বাবুল হোসেন (৪৭), মেহেরাব হোসেন (২৮) ও সাদ্দাম হোসেন (২৮)। পরে তাদের উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।

সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন। প্রচণ্ড তাপদাহের মধ্যেও দিনের বেশিরভাগ সময় লোডশেডিং থাকার কারণে চরম ভোগান্তি পোহাচ্ছে সাধারণ মানুষ। আবার অনেকেই হচ্ছেন অসুস্থ। 

বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জহিরুল ইসলাম তালুকদার। তিনি বলেন, ‘গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত ১০টার মধ্যে গরমে তিনজন সদস্য অজ্ঞান হয়ে পড়ে। এ সময় তাদের দ্রুত সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। এখানে বারবার বিদ্যুৎ আসা-যাওয়া করছে। এই থানায় পাঁচজন মহিলা সদস্যসহ আমরা ৬৮ জন পুলিশ কর্মরত আছি। সবাইকে সতর্কতার সঙ্গে থাকতে নির্দেশনা দেয়া হয়েছে।’

সরাইল উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে উপজেলা সদরসহ সাতটি ইউনিয়ন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগের আওতাধীন। বাকি অংশ পল্লী বিদ্যুৎ সমিতির অধীন। এখানে বিউবোর গ্রাহক সংখ্যা ৫১ হাজার। এ বিপুলসংখ্যক গ্রাহক প্রতিদিন ভয়াবহ লোডশেডিংয়ের কারণে চরম ভোগান্তিতে পড়ছেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) সরাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, ‘আমাদের এখানে গ্রাহক রয়েছে ৫১ হাজার। বিদ্যুতের চাহিদা ১৮ মেগাওয়াট। এর বিপরীতে পাচ্ছি মাত্র ৮ থেকে ১০ মেগাওয়াট। লোডশেডিং না দেয়ার কোনও বিকল্প নেই।’

 

Link copied!