• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চলন্ত ট্রেনের নিচে বুক পেতে সন্তানকে বাঁচালেন বাবা, রোমহর্ষক দৃশ্যে হতবাক শতাধিক যাত্রী


জেলা প্রতিনিধি এপ্রিল ২৯, ২০২৬, ১০:০২ এএম
চলন্ত ট্রেনের নিচে বুক পেতে সন্তানকে বাঁচালেন বাবা, রোমহর্ষক দৃশ্যে হতবাক শতাধিক যাত্রী

চলন্ত ট্রেনের নিচে বুক পেতে সন্তানকে বাঁচালেন বাবা, রোমহর্ষক দৃশ্যে হতবাক শতাধিক যাত্রী

কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে জংশন স্টেশনে ঘটে গেল এক হৃদয় কাঁপানো ঘটনা, যেখানে চলন্ত ট্রেনের নিচে শুয়ে নিজের শিশুসন্তানকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন এক বাবা। ঘটনাটি প্রত্যক্ষ করে হতবাক হয়ে পড়েন স্টেশনে থাকা শতাধিক যাত্রী।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায়, ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে উঠতে গিয়ে এক নারী তার দুই বছরের শিশুসন্তানসহ হঠাৎ প্ল্যাটফর্ম থেকে নিচে পড়ে যান। পরে নিজে ওঠার চেষ্টা করলেও শিশুটি ট্রেন ও প্ল্যাটফর্মের মাঝখানে আটকে পড়ে।

ঠিক সেই সময় ট্রেন ছাড়ার সংকেত দেওয়া হয়। মুহূর্তের মধ্যে শিশুটির বাবা নিচে নেমে গিয়ে তাকে জড়িয়ে ধরে ট্র্যাকের ওপর শুয়ে পড়েন। এরপর ধীরে ধীরে চলতে শুরু করে ট্রেন। একে একে প্রায় আটটি বগি তাদের শরীরের পাশ দিয়ে চলে যায়।

অবিশ্বাস্য হলেও সত্য—ট্রেন পার হওয়ার পরও বাবা ও সন্তান দুজনই অক্ষত অবস্থায় বেঁচে যান। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই ভেবেছিলেন তারা আর জীবিত নেই। কিন্তু ট্রেন চলে যাওয়ার পর যখন তাদের নড়াচড়া করতে দেখা যায়, তখন উপস্থিতদের মধ্যে স্বস্তি ও বিস্ময়ের মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, বাবা সন্তানকে শক্ত করে জড়িয়ে ধরে সম্পূর্ণ স্থির হয়ে শুয়ে আছেন, আর আশপাশের মানুষ আতঙ্কে ‘আল্লাহ’ বলে চিৎকার করছেন। ট্রেন চলে যাওয়ার পর তিনি উঠে দাঁড়িয়ে শিশুটিকে কোলে নেন, পরে মা এসে সন্তানকে নিজের কাছে নিয়ে নেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাবা ও শিশুকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়। ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে।

তিনি সতর্ক করে বলেন, চলন্ত ট্রেনে ওঠানামা করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং আইনত দণ্ডনীয়। সামান্য অসাবধানতাই প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হতে পারে। নিরাপদ যাতায়াতের জন্য যাত্রীদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি, পাশাপাশি রেললাইন পারাপারে ওভারব্রিজ ব্যবহারেরও পরামর্শ দেন।

এম

Link copied!