• ঢাকা
  • বুধবার, ২০ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরিশালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু


বরিশাল প্রতিনিধি মে ২০, ২০২৬, ০১:৩৫ পিএম
বরিশালে হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

ছবি : প্রতিনিধি

বরিশাল:  বরিশাল বিভাগে হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৬ জনে। এর মধ্যে শুধু শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে মারা গেছে ২৬ জন।

বুধবার (২০ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

মৃত দুই শিশু হলো- পিরোজপুরের মঠবাড়িয়ার মনিরুজ্জামানের সাড়ে চার মাস বয়সী ছেলে আলী আজগর এবং পটুয়াখালী সদরের হাজীখালী এলাকার রাহাত গাজীর তিন মাস বয়সী ছেলে মুয়াজ। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন করে ৫৫ জন হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। একই সময়ে ছাড়পত্র পেয়েছে ৪৭ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২০৪ জন রোগী।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শেবাচিম হাসপাতালে হাম উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছেন ২ হাজার ৩৪১ জন রোগী।

এদিকে রোগীর চাপ সামলাতে শেবাচিম হাসপাতালের তিনটি ওয়ার্ডে হাম আক্রান্তদের চিকিৎসা চলছে। পাশাপাশি বরিশাল জেনারেল হাসপাতালেও হাম উপসর্গ নিয়ে রোগী ভর্তি বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে ভর্তি হয়েছে ২৪ জন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে হাম উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬ হাজার ৮৩ জন রোগী।

শেবাচিম হাসপাতালের সহকারী পরিচালক (অর্থ ও ভান্ডার) ডা. আবদুল মুনয়েম সাদ জানান, রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন করে আরও একটি হাম আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে। তিনি বলেন, রোগীর চাপ সামলাতে চিকিৎসকদের হিমশিম খেতে হচ্ছে। হাসপাতালে স্থান সংকুলান না হলেও চিকিৎসাসেবায় কোনো ঘাটতি রাখা হচ্ছে না।

পিএস

Link copied!