• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কোরবানির আগের দিন বিএনপি নেতা বহিষ্কার


বরিশাল প্রতিনিধি   মে ২৭, ২০২৬, ০৪:১০ পিএম
কোরবানির আগের দিন বিএনপি নেতা বহিষ্কার

ছবি : প্রতিনিধি

বরিশাল: ঈদের আগের দিন দলীয় পদ হারিয়ে আলোচনায় এসেছেন বরিশালের বানারীপাড়া উপজেলার বাইশারী ইউনিয়ন বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবু সাঈদ।

বুধবার (২৭ মে) সকালে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার স্বাক্ষরিত এক চিঠিতে তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের বিষয়টি জানানো হয়। চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।

বহিষ্কারের চিঠির অনুলিপি বরিশাল জেলা বিএনপি (দক্ষিণ) এর আহ্বায়ক, সদস্য সচিব এবং স্থানীয় সংসদ সদস্য এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, ঈদের আগমুহূর্তে এমন সিদ্ধান্ত না নিয়ে পরে নিলেও পারতো দল। আবার অনেকে বলছেন, দলীয় শৃঙ্খলার প্রশ্নে বিএনপি কঠোর অবস্থান নিয়েছে।

বহিষ্কারের বিষয়ে মাওলানা আবু সাঈদ দাবি করেন, মাদকবিরোধী অবস্থান এবং বিভিন্ন অনিয়মের প্রতিবাদ করায় তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

তবে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, দল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে। তিনি জানান, বারবার সতর্ক করার পরও দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত না থাকায় সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

ঘটনাটি নিয়ে এলাকায় রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা।

পিএস

Link copied!