• ঢাকা
  • শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আশুলিয়ায় ইনজেনিটেক্স বিডির শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন


সাভার (ঢাকা) প্রতিনিধি জুলাই ২৪, ২০২৬, ০৪:২৮ পিএম
আশুলিয়ায় ইনজেনিটেক্স বিডির শ্রমিকদের বিক্ষোভ-মানববন্ধন

ছবি : প্রতিনিধি

সাভার: ঢাকার আশুলিয়ায় বন্ধ ঘোষিত ইনজেনিটেক্স বিডি লিমিটেডের শ্রমিক-কর্মচারীরা পূর্বের চুক্তি অনুযায়ী বকেয়া বেতন, চাকরি থেকে অব্যাহতির ক্ষতিপূরণসহ সকল আইনগত পাওনাদি দ্রুত পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকায় কারখানার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামগড়া এলাকায় গিয়ে মানববন্ধনে মিলিত হয়। এ সময় শতাধিক শ্রমিক-কর্মচারী ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কারখানা কর্তৃপক্ষ প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করলেও পূর্বের চুক্তি অনুযায়ী শ্রমিকদের বকেয়া বেতন, চাকরি থেকে অব্যাহতির ক্ষতিপূরণ এবং অন্যান্য আইনগত পাওনা এখনো পরিশোধ করেনি। ফলে অনেক শ্রমিক ও তাদের পরিবার চরম আর্থিক সংকটে পড়েছেন।

বক্তারা অবিলম্বে সকল শ্রমিকের ন্যায্য পাওনা পরিশোধের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

কর্মসূচিতে বাংলাদেশ পোশাক শ্রমিক ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তুহিন চৌধুরী এবং সবুজ বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি ঈসমাইল হোসেন ঠান্ডুর নেতৃত্বে শ্রমিক নেতা মিজানুর রহমান, কবির হোসেন, জাহাঙ্গীর হোসেনসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মী ও বিপুল সংখ্যক শ্রমিক অংশগ্রহণ করেন।

তবে এ বিষয়ে ইনজেনিটেক্স বিডি লিমিটেড কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

পিএস

Link copied!