• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনায় ২৩ লাখ টাকার নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২


বরগুনা প্রতিনিধি জুলাই ৩০, ২০২৬, ০২:২৩ পিএম
বরগুনায় ২৩ লাখ টাকার নগদ অর্থ ও স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ২

ছবি : প্রতিনিধি

বরগুনা: বরগুনা জেলা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নগদ অর্থ, স্বর্ণালংকার ও একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে অভিযানের সময় আরও দুইজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, জেলার চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৯ জুলাই বরগুনা সদর উপজেলার ৪ নম্বর কেওড়াবুনিয়া ইউনিয়নের আদাবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে মোসা. খাদিজা (৪০) ও মোসা. মরিয়ম (৩৫) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ চোরাই সন্দেহভাজন মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে নগদ ৯ লাখ ৩০ হাজার টাকা, প্রায় ৬ ভরি ১১ আনা ৫ রতি ওজনের বিভিন্ন ধরনের স্বর্ণালংকার, যার আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ১১ হাজার টাকা এবং একটি ব্যাটারিচালিত অটোরিকশা, যার আনুমানিক মূল্য ৭০ হাজার টাকা। উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে কানের দুল, পাশা, কানের রিং, ঝুমকা, গলার নেকলেস, গলার চেইন ও একাধিক স্বর্ণের আংটি রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত সব আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আরও চোরাই মালামাল উদ্ধারে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় জানা গেছে, পলাতক আসামি ইব্রাহিমের বিরুদ্ধে পূর্বে ঢাকার মিরপুর মডেল থানা ও তেজগাঁও শিল্পাঞ্চল থানায় চুরি, প্রতারণা, মাদক এবং অন্যান্য অভিযোগে একাধিক মামলা রয়েছে।

বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা জানান, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে বিশেষ অভিযান ধারাবাহিকভাবে চলবে। একই সঙ্গে অপরাধসংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ থানা বা জেলা পুলিশকে জানিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।

পিএস

Link copied!