• ঢাকা
  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সীমান্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পাঁচজনের অনুপ্রবেশ, দালালসহ আটক ৭


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি আগস্ট ১৯, ২০২৬, ০১:৪২ পিএম
সীমান্তে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে পাঁচজনের অনুপ্রবেশ, দালালসহ আটক ৭

ছবি : প্রতিনিধি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে কাঁটাতারের বেড়া পেরিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন এবং তাঁদের সহায়তাকারী দুই দালালকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬ টার দিকে স্থানীয় জনতা তাঁদের ধরে পুলিশে সোপর্দ করে।

আটক ব্যক্তিদের মধ্যে চারজন বাংলাদেশি ও একজন ভারতীয় নাগরিক। আটক বাংলাদেশিরা হলেন—বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা এবং চাঁদপুরের নয়ন। অপর আটক ব্যক্তি ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, বুধবার আনুমানিক সকাল ৬টার দিকে বেনীপুর সীমান্ত দিয়ে কাঁটাতার পার হয়ে ওই পাঁচজন বাংলাদেশে প্রবেশ করেন। সীমান্ত অতিক্রম করে জীবননগর শহরের দিকে আসার সময় তাঁদের গতিবিধি দেখে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। পরে উপস্থিত জনতা তাঁদের ঘিরে ফেলে এবং পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে জীবননগর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাঁচ অনুপ্রবেশকারী এবং তাঁদের পারাপারে সহায়তাকারী স্থানীয় দুই দালালসহ মোট সাতজনকে হেফাজতে নেয়।

​স্থানীয় সূত্রের অভিযোগ, বেনীপুর সীমান্ত এলাকার হাসিবুল ও আসমাউল নামে দুই ব্যক্তি এ ধরনের অবৈধ পারাপারে জড়িত। প্রাথমিক অভিযোগে তাঁদের নাম এলেও পুলিশ বিষয়টি বিস্তারিত খতিয়ে দেখছে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জানান, এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন অনুপ্রবেশকারী ও দুই দালালকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিতকরণসহ সীমান্ত পারাপারের মূল রহস্য যাচাই-বাছাই করা হচ্ছে। তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

​এ বিষয়ে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানান, খবর পেয়ে বিজিবির পক্ষ থেকে জোর তদন্ত চালানো হচ্ছে। তদন্ত শেষ মূল ঘটনা নিশ্চিত করে বলা যাবে।

পিএস

Link copied!