• ঢাকা
  • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা 


নিজস্ব প্রতিবেদক আগস্ট ১৯, ২০২৬, ১১:৪০ এএম
বাধ্যতামূলক অবসরে বিএসইসির ১৭ কর্মকর্তা 

দেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চাকরি বিধি লঙ্ঘনের দায়ে ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। এ ছাড়া পাঁচ কর্মকর্তাকে লঘুদণ্ড হিসেবে বেতন অবনমন করা হয়েছে। 

মঙ্গলবার (১৮ আগস্ট) বিএসইসির কমিশন সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। এর আগে গত ২৩ জুলাই তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না মর্মে কারণ দর্শানোর নোটিস জারি করেছিল কমিশন।

বিএসইসি সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরের শাস্তির তালিকায় রয়েছেন— সংস্থাটির নির্বাহী পরিচালক রেজাউল করিম, পরিচালক আবুল হাসান ও মোহাম্মদ ফখরুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পরিচালক নজরুল ইসলাম ও মোল্যা মো. মিরাজ উস সুন্নাহ, যুগ্ম পরিচালক রাশেদুল আলম, উপপরিচালক মো. নান্নু ভূঞা, কাজী মো. আল-ইসলাম, সহিদুল ইসলাম, বনী ইয়ামিন খান ও তৌহিদ হাসান, সহকারী পরিচালক আমিনুল হক খান, আবদুল বাতেন ও সাজ্জাদ হোসেন এবং ব্যক্তিগত কর্মকর্তা আবু ইউসুফ, কাওসার পাশা বৃষ্টি ও সমীর ঘোষ।

অন্যদিকে বেতন অবনমনের শাস্তি পেয়েছেন সহকারী পরিচালক জনি হোসেন, রায়হান কবির, তরিকুল ইসলাম, মাকসুদ মিলা এবং লাইব্রেরিয়ান সেলিম রেজা বাপ্পী। এর আগে চলতি বছরের শুরুতে পরিচালক আবু রায়হান মো. মোহতাছিন বিল্লাকে বাধ্যতামূলক অবসরে পাঠায় বিএসইসি।

এর আগে দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় বিএসইসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে তৈরি হয় চরম ক্ষোভ। এ নিয়ে কর্মকর্তা ও চেয়ারম্যান-কমিশনারদের মধ্যে অবরুদ্ধ হওয়ার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিও তৈরি হয়েছিল।

এএইচ/এম

Link copied!