ছবি : প্রতিনিধি
পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় গৃহবধূকে ধর্ষণের চেষ্টায় লিঙ্গ কর্তনের ঘটনায় এক যুবকের ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমান অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পিরোজপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মেহেদী আল মাসুদ এ রায় দেন।
আসামি আলমগীর হোসেন (৪৮) মঠবাড়িয়া উপজেলার কচুবাড়িয়া এলাকার স্থানীয় বাসিন্দা।
মামলা সূত্রে জানা যায়, আসামি আলমগীর হোসেন বিভিন্ন সময় ভিকটিমকে উত্যক্ত করতো। এরই ধারাবাহিকতায় ২০২০ সালের পহেলা জানুয়ারি এক প্রবাসীর স্ত্রী ভিকটিকে রাতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায়। ধস্তাধস্তির এক পর্যায় ভিকটিম আত্মরক্ষার জন্য ছুরি দিয়ে আসামির লিঙ্গে পোচ দিলে এতে আসামির লিঙ্গ কিছুটা কেটে যায়। পরবর্তীতে হাসপাতালে তার লিঙ্গ কর্তন অংশ বিচ্ছিন্ন করা হয়। ৭ জানুয়ারি ২০২০ তারিখে ভিকটিম বাদী হয়ে মঠবাড়িয়া থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগ এনে একটি মামলা দায়ের করেন। রায় প্রকাশের সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট রহিমা আক্তার হাসি বলেন, মঠবাড়িয়ায় ধর্ষণের চেষ্টার অভিযোগে অভিযুক্ত আলমগীর হোসেনকে কারাদণ্ড দিয়েছে আদালত। রায় প্রকাশে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
পিএস







































