ছবি: প্রতিনিধি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩-এ চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও নিয়োগপত্র না পাওয়ার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন করেছেন বঞ্চিত প্রার্থীরা। নিয়োগজট নিরসন ও দ্রুত নিয়োগপত্র প্রদানের দাবিতে আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বরাবর একটি স্মারকলিপি বা লিখিত আবেদন জমা দেন আন্দোলনকারীরা।
লিখিত আবেদনে আন্দোলনরত প্রার্থীরা বেশ কয়েকটি দাবি ও প্রশ্ন তুলে ধরেছেন। তারা জানান, চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরও কেন তাদের নিয়োগপত্র দেওয়া হচ্ছে না, তা স্পষ্ট করতে হবে। এছাড়া পুলিশ বা এনএসআইয়ের ভেরিফিকেশনে কোনো নেতিবাচক মন্তব্য থাকলে কিংবা অন্য কোনো প্রশাসনিক ও আইনি জটিলতা থাকলে তা সুনির্দিষ্টভাবে অবহিত করার দাবি জানান তারা। একই প্রক্রিয়ায় অন্য প্রার্থীরা নিয়োগপত্র পেলেও তাদের ক্ষেত্রে কেন ব্যতিক্রম হলো, তার যৌক্তিক ব্যাখ্যা এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়ারও দাবি জানান বঞ্চিত প্রার্থীরা।
জানা গেছে, নীলফামারী জেলায় মোট ১৬১ জন প্রার্থী সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। তবে ভেরিফিকেশন প্রক্রিয়া শেষে ১০৯ জন নিয়োগপত্র পেলেও ৫২ জন প্রার্থী চূড়ান্ত নিয়োগ থেকে বঞ্চিত হয়েছেন।
এ বিষয়ে নীলফামারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) রবিউল ইসলাম জানান, প্রার্থীদের আবেদনটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। পর্যায়ক্রমে সকলকেই নিয়োগ দেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
এসএইচ







































