• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, রামেকে এক মাসে ৮ জনের প্রাণহানি


রাজশাহী ব্যুরো অক্টোবর ৩, ২০২৬, ০৩:৪৮ পিএম
ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, রামেকে এক মাসে ৮ জনের প্রাণহানি

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত এক মাসে হাসপাতালটিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ শনিবার (৩ অক্টোবর) মারা গেছেন মারজিনা বেগম (৫৯) নামে এক নারী। এ নিয়ে চলতি বছরে রামেক হাসপাতালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ জনে।

রাজশাহী: মারজিনা বেগম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা। গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনি রামেক হাসপাতালে ভর্তি হন। চার দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়। তিনি ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত ছিলেন।

শনিবার (৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে এসব তথ্য জানান রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু রোগীর চাপও কমছে না। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন করে ২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন। বর্তমানে হাসপাতালটিতে ১৩৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু আক্রান্তদের একটি অংশের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটছে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে রোগীর অবস্থা সংকটাপন্ন হয়ে পড়তে পারে।

ডা. শেখ শামীম আহমেদ বলেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে পারে। জ্বরের সঙ্গে শরীর ও মাথাব্যথা, বমি, অতিরিক্ত দুর্বলতা কিংবা অন্য কোনো অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

জেএ/এসআই

Link copied!