• ঢাকা
  • রবিবার, ০৪ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১


শরীয়তপুর প্রতিনিধি  অক্টোবর ৩, ২০২৬, ০৬:০৮ পিএম
নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার, আটক ১

ছবি : প্রতিনিধি

শরীয়তপুর: শরীয়তপুরের ডামুড্যায় নিখোঁজের ছয় ঘন্টা পর সোয়াইব নামের সাড়ে তিন বছর বয়সী এক শিশুর বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় সন্দেহভাজন হিসেবে রাসেল শিকদার নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার (৩ অক্টোবর) বেলা দেড়টার দিকে উপজেলার শিধলকুড়া ইউনিয়নের পশ্চিম আদাসন এলাকার আবু আলম নামে এক ব্যক্তির ঘরের পিছনের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মো: সোয়াইব ওই এলাকার সেলিম সরদার ও শিমুলি দম্পত্তির সন্তান।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকাল ৭ টার দিকে খেলতে বের হয়ে নিখোঁজ হয় শিশু সোয়াইব। এরপর স্বজনরা তাকে বিভিন্ন জায়গায় খুঁজে সন্ধান পায়নি। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আবু আলম শিকদারের বসতঘরের পেছনের ডোবা থেকে শিশুটির বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করে।

স্বজনদের অভিযোগ, প্রতিবেশী আবু আলম শিকদারের সাথে সেলিম সরদারের পরিবারের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল শুক্রবার সন্ধ্যায় কথা কাটাকাটি হয়। সেই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শিশুটিকে হত্যা শেষে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয় আবু আলম ও তার ছেলে রাসেল শিকদার। এদিকে ঘটনার পর বিক্ষুব্ধ জনতা অভিযুক্ত আবু আলমের বাড়িতে অগ্নিসংযোগ করে। পাশাপাশি এ ঘটনায় আবু আলম শিকদারের ছেলে রাসেল শিকদারকে আটক করে পুলিশ। 

ওই শিশুর বাবা সেলিম সরদার বলেন, গতকাল সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমার মায়ের সাথে প্রতিবেশী আবু আলমের ঝগড়া হয়। আমার মা রাতে আমাকে বিষয়টি জানায়। আজকে সকালে আমি বাজারে গেলে এসে দেখি আমার সন্তান নাই। আমি থানায় গিয়ে জিডি করলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন অনেক খোঁজাখুঁজি করে আবু আলমের বাড়ির পেছনের ডোবা থেকে আমার ছেলের বস্তাবন্দি গলাকাটা মরদেহ উদ্ধার করে। আমার ছেলেকে ওরা নির্মমভাবে হত্যা করেছে। আমি এই ঘটনার বিচার চাই।

এদিকে অভিযুক্ত পরিবারের কোনো সদস্য বাড়ি না থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) শামসুল আরেফীন বলেন, ‘সকালে আমরা জানতে পারি একটি শিশু নিখোঁজ হয়েছে। পরে শিশুটির বাবা জিডি করলে সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে গিয়ে খোঁজাখুঁজি করে একপর্যায়ে শিশুটির বস্তাবন্দী লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে সন্দেহভাজন হিসেবে রাসেল শিকদার নামে একজনকে আটক করা হয়েছে। পরবর্তি আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

এসআই

Link copied!