• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

শিক্ষককে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ


ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি  অক্টোবর ৮, ২০২৬, ০৫:৪৪ পিএম
শিক্ষককে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

ছবি : প্রতিনিধি

ঈশ্বরদী: পাবনার ঈশ্বরদীতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনিছুর রহমানকে মারধরের প্রতিবাদে বিক্ষোভ করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার নতুন রূপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৪ অক্টোবর রাতে চর রূপপুর বিবিসি বাজারের চেরু মার্কেটের সামনে শিক্ষক আনিছুর রহমানকে মারধর করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ২২ হাজার ৭০০ টাকা নিয়ে যাওয়া এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগও করেন তারা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আফরোজা বুলবুল বলেন, হামলায় আনিছুর রহমান গুরুতর আহত হয়েছেন। ঘটনার পর থেকে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদানও ব্যাহত হচ্ছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

ম্যানেজিং কমিটির সভাপতি আরিফ হোসেন বলেন, একজন শিক্ষকের ওপর হামলা অত্যন্ত দুঃখজনক। তিনি হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার বলেন, বৃহস্পতিবারই তিনি ঘটনাটি জানতে পেরেছেন। এর আগে বুধবার রাতে বিদ্যালয়ের সভাপতি তাঁকে ফোন করে বিষয়টি জানান।

ঈশ্বরদী থানার ওসি আশাদুর রহমান বলেন, এ ঘটনায় শিক্ষক আনিছুর রহমানের স্ত্রী বাদী হয়ে লিখিত এজাহার দিয়েছেন। তদন্ত সাপেক্ষে এজাহারটি মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পিএস

Link copied!