ছবি : প্রতিনিধি
নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরে চাঞ্চল্যকর সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফকে গুলি করে হত্যা মামলায় গ্রেপ্তার আসামি সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব’র (২৭) একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। পুলিশ ৭ দিনের রিমান্ড আবেদন করেছিল।
এরই প্রেক্ষিতে আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে দুর্গাপুর চৌকি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল আমিন ভূঁইয়া একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্গাপুর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম।
এর আগে, গত শনিবার (১৭ অক্টোবর) দিনগত রাত পৌনে ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গাপুর পৌর শহরের মধ্যবাজারের সিনেমা হল এলাকা থেকে অপূর্বকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার শমশের আলী মেকারের ছেলে। ২০২৫ সালের জানুয়ারি মাসে দুর্গাপুরে পুলিশের এসআই শফিকুল ইসলামকে কুপিয়ে হত্যা মামলায়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
এদিকে, গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরশহরের তেলুনজিয়া এলাকার একটি মুদি দোকানের সামনে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা করে অজ্ঞাত দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৮ জনের বিরুদ্ধে দুর্গাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
পিএস







































