• ঢাকা
  • সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি


লালমনিরহাট প্রতিনিধি অক্টোবর ১৮, ২০২৬, ০১:৩৯ পিএম
সীমান্তে নারী ও শিশুসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

ছবি : প্রতিনিধি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বাধায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে সীমান্তের শূন্যরেখার কাছাকাছি অবস্থান করছেন।

শনিবার দিবাগত রাত ৩টা দিকে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল নামক সীমান্ত দিয়ে ওই ১২ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ।

বিজিবি জানায়, রাত ৩টার দিকে বুড়িমারী বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ২ শিশু, ২ নারী ও ৮ পুরুষকে একযোগে বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অবস্থান নেয় বিজিবির একটি দল। বিজিবি সতর্ক অবস্থান ও প্রতিবাদের মুখে বিএসএফ তাদের পুশইনের পরিকল্পনা থেকে পিছু হটতে বাধ্য হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ১২ জন বর্তমানে সীমান্তের প্রায় ১০০ গজ ভারতের অভ্যন্তরে অবস্থান করছেন। তাঁদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবির টহল ও নজরদারি জোরদার করেছে। পরিস্থিতি বর্তমানে বিজিবির নিয়ন্ত্রণে রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, বিএসএফের এই অননুমোদিত পুশইন চেষ্টার প্রতিবাদ জানিয়েছে বিজিবি। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে এবং দ্রুত বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধানের প্রক্রিয়া চলছে।

পিএস

Link copied!