ছবি : প্রতিনিধি
সিরাজগঞ্জ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, রাজনীতিবিদদের জনকল্যাণে কাজ করতে হবে। সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়াতে হবে। নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার পুরোনো রাজনীতির দিন শেষ হয়ে গেছে।
মঙ্গলবার (২০ অক্টোবর) সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সনাতনী ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৭০টি পরিবারের মধ্যে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে মোট ১৪০ বান্ডিল ঢেউটিন এবং নগদ অর্থ দেওয়া হয়।
প্রতিমন্ত্রী বলেন, আগের দিনের সেই হট্টগোল আর নেতাদের পেছনে ঘুরে নেতা হওয়ার রাজনীতির কবর রচনা করা হয়েছে। রাজনীতি করতে হলে সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়ে তাদের মন জয় করতে হবে।
এ সময় মাদক কারবারিদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, মাদকদ্রব্য বিক্রি, সেবন কিংবা জুয়াসহ কোনো ধরনের অপকর্ম বরদাশত করা হবে না। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পুলিশকে শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করতে হবে। ইতোমধ্যে বহু অপরাধীকে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে অভিযান অব্যাহত থাকবে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, সরকার দেশের শিক্ষা ও স্বাস্থ্যব্যবস্থাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বদ্ধপরিকর। ইতোমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও মানোন্নয়নের পাশাপাশি শিক্ষকদের যথাযথ প্রশিক্ষণ ও সর্বোচ্চ সম্মান নিশ্চিত করার কাজ চলছে। শিক্ষকেরা সম্মানিত হলে এবং উন্নত প্রশিক্ষণ পেলে সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। এ ছাড়া মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার মান ক্রমান্বয়ে বৃদ্ধি করা হচ্ছে বলে জানান তিনি।
পিএস







































