ছবি : প্রতিনিধি
বরিশাল: এইচএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল শিক্ষা বোর্ডে এবার পাসের হার দাঁড়িয়েছে ৪৪ দশমিক ৮৪ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছেন ৯৫০ জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা দুটিই কমেছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, এবার বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি।
শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা আনুষ্ঠানিকভাবে পরীক্ষার ফলাফল ঘোষণা করেন।
ফলাফল প্রকাশকালে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবারের ফলাফল যথাযথভাবে পর্যালোচনা ও মূল্যায়নের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এতে শিক্ষার্থীদের প্রকৃত মেধার প্রতিফলন ঘটেছে।
শিক্ষা বোর্ডের প্রকাশিত তথ্য অনুযায়ী, এ বছর বরিশাল বোর্ডের অধীনে বিভাগের ছয় জেলার ৩৫০টি কলেজ থেকে মোট ৫৭ হাজার ৯১২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে ছাত্র ২৬ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ১৫৭ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন মোট ২৫ হাজার ৯৭০ জন। তাঁদের মধ্যে জিপিএ-৫ অর্জন করেছেন ৯৫০ জন শিক্ষার্থী।
অন্যদিকে, ২০২৫ সালে বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ছিল ৬২ দশমিক ৫৭ শতাংশ। ওই বছর জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৬৭৪ জন শিক্ষার্থী।
গত বছরের তুলনায় এবার পাসের হার কমেছে ১৭ দশমিক ৭৩ শতাংশ পয়েন্ট। একই সঙ্গে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭২৪ জন।
এদিকে, এবারের ফলাফলে বোর্ডের ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠানের ফলাফল নিয়েও নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
পিএস







































