• ঢাকা
  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আখেরি মোনাজাতে শেষ হলো রংপুর জেলা ইজতেমা, মুসল্লিদের ঢল


রংপুর ব্যুরো নভেম্বর ২৮, ২০২৬, ০৫:৪৭ পিএম
আখেরি মোনাজাতে শেষ হলো রংপুর জেলা ইজতেমা, মুসল্লিদের ঢল

ফাইল ছবি

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো তাবলিগ জামাতের (সাদপন্থী) তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা।

শনিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টা ১৭ মিনিটে রংপুর মহানগরীর তাজহাট থানার দর্শনা দ্বীপ আই কেয়ার সংলগ্ন তাওহীদ হাউজিং মাঠে এ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে আনুমানিক ৮০ থেকে ৯০ হাজার মুসল্লি অংশ নেন।

মোনাজাতের আগে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইমান ও আমলের গুরুত্ব তুলে ধরে বয়ান করেন ওলামা-মাশায়েখরা। পরে কাকরাইলের তাবলিগ জামাতের শুরা সদস্য হাফেজ মাওলানা ওয়াজিউল বারী আখেরি মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

গত ২৬ নভেম্বর বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে তিন দিনব্যাপী এই ইজতেমা শুরু হয়। এতে দেশি-বিদেশি মুসল্লিরা অংশ নেন। বিদেশি মুসল্লিদের মধ্যে সুদান থেকে ৯ জন এবং মালয়েশিয়া থেকে ৬ জন অংশগ্রহণ করেন। তাঁরা ইজতেমা মাঠের পশ্চিম প্রান্তে নির্ধারিত কামরায় অবস্থান করেন।

ইজতেমায় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তোফায়েল আহমেদ এবং ট্রাফিক বিভাগের উপপুলিশ কমিশনার মো. মারুফ আহমেদ। এ ছাড়া কাকরাইলের তাবলিগ জামাতের আমির মাওলানা সৈয়দ ওয়াসিফুল ইসলাম, হাফেজ অজিউল্লাহ, ডা. নাফিস ও মো. শফিক বিন নাঈমসহ বিভিন্ন পর্যায়ের ধর্মীয় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

ইজতেমা ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠ ও আশপাশের এলাকায় পুলিশের চারটি অস্থায়ী পোস্ট স্থাপন করা হয়। পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। আয়োজক কমিটির স্বেচ্ছাসেবকেরাও নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। সমন্বিত ব্যবস্থাপনায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে ইজতেমা শেষ হয়।

এসএইচ 

Link copied!