• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ভারত থেকে প্রেমের টানে বরিশালে তরুণ, স্কুলছাত্রীকে বিয়ে নিয়ে চাঞ্চল্য


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৬, ০৬:৫৯ পিএম
ভারত থেকে প্রেমের টানে বরিশালে তরুণ, স্কুলছাত্রীকে বিয়ে নিয়ে চাঞ্চল্য

ছবি: প্রতিনিধি

প্রেমের টানে সুদূর ভারতের গুজরাট থেকে বরিশালের গৌরনদীতে ছুটে এসেছেন সোরঠিয়া ফাইজানশাহ ওরফে হামজা (২০) নামের এক তরুণ। এরপর পরিবারের উদ্যোগে নোটারি পাবলিকের মাধ্যমে তিনি বিয়ে করেছেন গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের পশ্চিম চন্দ্রহার গ্রামের মাহি আক্তার (১৭) নামের এক কিশোরীকে। ভারতীয় তরুণের বাংলাদেশে আসা এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে বিয়ের বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ফাইজান শাহ ভারতের গুজরাট রাজ্যের অমরেলি জেলার রাজুলা এলাকার রেজওয়ান শাহর ছেলে। অন্যদিকে মাহি আক্তার পশ্চিম চন্দ্রহার গ্রামের আব্দুল মালেক সিকদারের মেয়ে এবং বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্রী।

মাহির পরিবারের সদস্যরা জানান, গত ২২ নভেম্বর সকাল সাড়ে ১০টার একটি ফ্লাইটে ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসেন ফাইজান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মাহির মা ও ছোট ভাই তাঁকে গ্রহণ করে বরিশালে নিয়ে আসেন। পরদিন ২৩ নভেম্বর বরিশালের একজন আইনজীবীর চেম্বারে নোটারি পাবলিকের মাধ্যমে এবং একজন মৌলভিকে ডেকে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। পরে জামাতা হিসেবে ফাইজানকে বাড়িতে নিয়ে আসেন মাহির পরিবারের সদস্যরা। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মাহির মা শামীমা আক্তার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

মাহি আক্তার জানায়, দক্ষিণ আফ্রিকায় অবস্থানরত তার বড় ভাইয়ের ইনস্টাগ্রামের বন্ধু ফাইজান শাহর সঙ্গে প্রায় দেড় বছর আগে তার পরিচয় হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় তিন মাস আগে দুই পরিবার বিষয়টি জানতে পারে এবং বারবার নিষেধ করলেও তাঁরা যোগাযোগ অব্যাহত রাখেন। তারই ধারাবাহিকতায় বিয়ের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন ফাইজান। মাহি আরও জানায়, গত এক বছরে প্রেমিকের কাছ থেকে এবং সিনেমা দেখে সে হিন্দি ভাষা শিখেছে, ফলে তাঁদের মধ্যে এখন আর ভাষাগত কোনো সমস্যা নেই। পরিবারের সদস্যরাও কমবেশি হিন্দিতে কথা বলতে পারেন।

ভারতীয় তরুণ ফাইজান শাহ জানান, তাঁর বাবা গুজরাটের রাজুলা এলাকায় ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে জড়িত এবং তিন ভাইয়ের মধ্যে তিনি মেজো। তাঁদের প্রেমের বিষয়টি তাঁর পরিবার স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। ছয় মাসের ট্যুরিস্ট ভিসা নিয়ে বাংলাদেশে এলেও বাকি জীবন স্ত্রীর সঙ্গে এখানেই কাটাতে চান তিনি। শ্বশুরবাড়িতে এসে তিনি বেশ আনন্দিত বলেও উল্লেখ করেন।

এদিকে মেয়ের বিয়ের বিষয়ে মাহির মা শামীমা আক্তার বলেন, মেয়েকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন তাঁরা। একপর্যায়ে উপায়ন্তর না পেয়ে ভারতীয় তরুণের সঙ্গে মেয়ের বিয়ে দিতে বাধ্য হয়েছেন।

তবে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ ও আইনগত প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয় বিএনপি নেতা রাসেল বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে একজন ভারতীয় তরুণ বাংলাদেশে এসে হুট করে বিয়ে করে এখানে থেকে যেতে চাইছেন, বিষয়টি নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন ও উদ্বেগ রয়েছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে। এ ছাড়া মেয়েটির বয়স ১৭ বছর হওয়ায় বিয়ের আইনগত বৈধতা এবং নোটারি পাবলিকের মাধ্যমে সম্পন্ন করা বিয়ের আনুষ্ঠানিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন সচেতন এলাকাবাসী। তাঁরা বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। ভারতীয় নাগরিকের পরিচয়সহ প্রয়োজনীয় সব তথ্য থানায় জমা দিতে বলা হয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম জানান, স্থানীয় গ্রামপুলিশের মাধ্যমে তিনি বিষয়টি জেনেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এসএইচ 

Link copied!