• ঢাকা
  • বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

দীর্ঘ ৪৪ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৫, ২০২৬, ০৭:০৬ পিএম
দীর্ঘ ৪৪ দিন পর ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল শুরু

ছবি: প্রতিনিধি

দীর্ঘ ৪৪ দিন বন্ধ থাকার পর রাজবাড়ীর ধাওয়াপাড়া ও পাবনার নাজিরগঞ্জ নৌরুটে ফেরি চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয় বলে জানিয়েছে ঘাট কর্তৃপক্ষ। দীর্ঘদিন ফেরি বন্ধ থাকায় দুর্ভোগে থাকা যাত্রী ও যানবাহনের চালকদের মধ্যে এতে স্বস্তি ফিরেছে।

এর আগে গত ১২ অক্টোবর সন্ধ্যা থেকে পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে এ নৌরুটে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে রাজবাড়ী ও পাবনার মধ্যে চলাচলকারী যাত্রী ও যানবাহনের চালকদের চরম ভোগান্তিতে পড়তে হয়। এ সময় যাতায়াতকারীদের বিকল্প পথে চলাচল করতে হওয়ায় সময় ও যাতায়াত খরচ দুটোই বেড়ে যায়।

ধাওয়াপাড়া ফেরিঘাট সূত্রে জানা গেছে, এই নৌরুটে ফেরি রয়েছে মাত্র একটি। ফলে বিভিন্ন সময় ফেরি বিকল হওয়া কিংবা নদীতে নাব্যতা সংকট দেখা দিলে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

নাজিরগঞ্জ ফেরিঘাটের ব্যবস্থাপক এম এন এ আল শিবলী বলেন, পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে এতদিন ফেরি চলাচল বন্ধ ছিল। দীর্ঘ সময় ধরে ড্রেজিং করার পর বুধবার দুপুর ১২টার দিকে ফেরিটি ট্রায়াল ট্রিপে ছেড়ে যায়। ট্রায়াল ট্রিপ সফল হওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এসএইচ 

Link copied!