ফাইল ছবি
পাবনার ঈশ্বরদীতে মুঠোফোনের স্ক্রিন থেকে এক স্কুলছাত্রীর ছবি সরিয়ে নেওয়ার অনুরোধ করায় তাঁর বড় ভাইকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। গতকাল শুক্রবার রাত পৌনে ১২টার দিকে শহরের ফতেমোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম নওশাদ আলিম পাপ্পু (২৭)। তিনি ঈশ্বরদী পৌরসভার সাবেক কাউন্সিলর কামাল আশরাফির ছেলে। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই স্কুলছাত্রীর ব্যক্তিগত ছবি কিছুদিন ধরে তাঁরই এক সহপাঠীর মুঠোফোনের স্ক্রিনে রাখা ছিল। এ নিয়ে বিভিন্ন সময় ছাত্রীটিকে উত্ত্যক্ত করা হচ্ছিল। বিষয়টি নিয়ে পাপ্পু ও তাঁর পরিবারের সদস্যরা ছবিটি সরিয়ে নেওয়ার জন্য ওই ছাত্রের পরিবারকে অনুরোধ করেন। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলছিল।
এর জেরে শুক্রবার রাত পৌনে ১২টার দিকে ফতেমোহাম্মদপুরে নিজ বাড়িতে ফেরার পথে পাপ্পুর সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই সহপাঠীর বড় ভাই আমান হোসেনের নেতৃত্বে ৮ থেকে ১০ জন যুবক লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে পাপ্পুর ওপর হামলা চালায়। তাঁকে উপর্যুপরি কুপিয়ে আহত করা হয়। পরে পরিবারের সদস্যরা পাপ্পুকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পাপ্পুর বাবা কামাল আশরাফি বলেন, বিষয়টি নিয়ে এলাকার লোকজন মীমাংসার অনুরোধ করেছিলেন। কিন্তু তার আগেই আমান হোসেনের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁর ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে। ছুরিকাঘাতে পাপ্পুর হাত-পাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির পরিদর্শক মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি। অভিযুক্ত ব্যক্তিরা পালিয়ে গেছেন। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
এসএইচ







































