• ঢাকা
  • রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

যে কারণে জামায়াত ছাড়তে চান এমপি আমির হামজার


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৮, ২০২৬, ০৬:৩৭ পিএম
যে কারণে জামায়াত ছাড়তে চান এমপি আমির হামজার

ফাইল ছবি

কাজে বাধা দিলে নিজ দল জামায়াতে ইসলামী ছেড়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এমন বক্তব্য দিতে শোনা যায় তাকে।

ভাইরাল হওয়া ভিডিওতে আঞ্চলিক ভাষায় তিনি বলেন, সবর বা অপেক্ষা এখন বাদ। দরকার হলে জামায়াত ছেড়ে দেবেন, তবু মার খাবেন না। কেউ একটা মারলে পাল্টা দুটি মারার ব্যবস্থা নেবেন বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া গতকাল শুক্রবার রাত ৯টার আগে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে হাস্যোজ্জ্বল ছবিসহ একটি ফটোকার্ড শেয়ার করেন আমির হামজা। ক্যাপশনে লেখেন, একটা মারলে দুটি মারবেন এবং কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে দল ছেড়ে দেবেন। রাত সাড়ে ১০টার পর পোস্টটি সরিয়ে নেওয়া হলেও ততক্ষণে তা ছড়িয়ে পড়ে। মুছে ফেলার আগে ফটোকার্ডটিতে ২১ হাজার ৮০০ রি-অ্যাকশন, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, গত বুধবার রাত সাড়ে আটটার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া দরগাপাড়া এলাকায় স্থানীয় জামায়াত নেতা শাজাহান আলীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলির ঘটনা ঘটে। এতে অন্তত পাঁচজন আহত হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। স্থানীয় বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন শাজাহান ও আমির হামজা।

পরদিন বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে আহতদের দেখতে যান আমির হামজাসহ দলীয় নেতারা। সেখানে আহতদের সঙ্গে কথা বলার সময় তাঁর দেওয়া বক্তব্যের ভিডিওটিই ফেসবুকে ছড়িয়ে পড়ে।

সার্বিক বিষয়ে জানতে মুফতি আমির হামজার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি। তাঁর একান্ত সহকারী মোমিন বিশ্বাস জানান, সংসদ সদস্য মাহফিলে ব্যস্ত আছেন এবং রাতে সাংগঠনিক সভায় যোগ দিতে ঢাকায় যাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনয়নে ১ লাখ ৮২ হাজার ৪৭৬ ভোট পেয়ে বিএনপির প্রার্থী মো. জাকির হোসেন সরকারকে হারিয়ে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন মুফতি আমির হামজা।

এসএইচ 

Link copied!