বরিশাল : সরকারি কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের নির্দেশ দিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি। শনিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের সভাকক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী দুর্নীতি নিয়ন্ত্রণে কর্মকর্তা-কর্মচারীদের দিকে কঠোর নজরদারী নির্দেশও প্রদান করেন।
জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সরকারি কর্মকর্তাদের উদ্দেশে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়িয়েছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এত সুবিধা কোনো সরকার দেয়নি। এরপরও যদি কেউ দুর্নীতি করেন তাহলে তাদের জন্য কোনো ক্ষমা নেই।
দুর্নীতি নিয়ন্ত্রণের জন্য অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের দিকে কঠোর নজরদারী করার জন্য পদস্থ কর্মকর্তাদের প্রতি আহবান জানান তিনি। তিনি আরও বলেন, ভাগ্যক্রমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে তার স্বপ্ন পূরণের সুযোগ করে দিয়েছেন। স্বপ্ন পূরণের জন্য সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সহযোগীতা কামনা করেন তিনি।
কোনো ধরনের সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের প্রভাববিহীন বরিশালকে একটি আধুনিক শহরে রূপান্তর করার পরিকল্পনার কথা জানান তিনি। এর আগে কীর্তনখোলা নদীর ভাঙন কবলিত সদর উপজেলার জাগুয়া এবং সুগন্ধা নদীর ভাঙন কবলিত বরিশালের বাবুগঞ্জের মহিষাদী গ্রাম পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম এমপি। এ সময় কীর্তনখোলা ভাঙন থেকে জাগুয়া রক্ষা এবং সুগন্ধা নদীর ভাঙন প্রতিরোধের চলমান কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী।
সোনালীনিউজ/ঢাকা/এইচএআর







































