ঢাকা: সন্ত্রাস দমন আইনের আওতায় সাবেক দুই সংসদ সদস্যসহ মোট ১৩ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুই সাবেক এমপি হলেন: ফয়জুর রহমান বাদল ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাবেক এমপি এবং তামান্না নুসরাত বুবলী, সংরক্ষিত সাবেক নারী এমপি (৩২৪)।
ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনির্দিষ্ট অভিযোগ এবং গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়া, গ্রেপ্তারকৃত অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবি জানায়, তাদের গ্রেপ্তারের পর সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হবে এবং আদালতে পাঠানো হবে।
এই ঘটনার মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদদদাতাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া আরও একধাপ এগোল বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
প্রশাসন জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং এই ধরনের অপরাধে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
এসএইচ

-20260510154813.jpg)





































