• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৬, ২০২৬, ০৯:১৮ এএম
ডিজিএফআইয়ের সাবেক ডিজি শেখ মামুন গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

ঢাকা: প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (২৫ মার্চ) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএসের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানাননি তিনি।

জানা গেছে, ডিজিএফআই'র এই কর্মকর্তার বিরুদ্ধে পতিত আওয়ামী লীগ আমলে রাজনৈতিক কাজে সম্পৃক্ত করা, জঙ্গি নাটকের প্রবক্তা, দুর্নীতি মাধ্যমে শত কোটি টাকা আত্মসাৎ, আয়না ঘরের রূপকার এবং সজীব ওয়াজেদ জয়ের ক্ষমতা অপব্যবহার করে হাজার কোটি টাকা অবৈধভাবে উপার্জনের অভিযোগ রয়েছে।

শেখ মামুন খালেদ বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কর্পসের একজন অবসরপ্রাপ্ত উচ্চপদস্থ কর্মকর্তা। তিনি ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ডিজিএফআইয়ের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিএউপি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

অবৈধভাবে শেয়ার ব্যবসা, ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক এই সেনা কর্মকর্তার বিষয়ে দুর্নীতি দমন কমিশন অনুসন্ধান শুরু করে প্রায় দেড় বছর আগে।

দুদকের দুইটি আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালত ২০২৫ সালের ২২ মে শেখ মামুন খালেদ, তার স্ত্রী নিগার সুলতানা খালেদসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!