ফাইল ছবি
নিষিদ্ধঘোষিত ছাত্রসংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও ডাকসুর বর্তমান ভিপি সাদিক কায়েমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো টেক্সট বার্তার স্ক্রিনশট ভাইরাল হয়েছে। এতে তাদের অতীত যোগাযোগের একটি চিত্র সামনে এসেছে, যা নিয়ে চলছে নানা আলোচনা।
ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, ২০১৮ সালের ১ আগস্ট গোলাম রাব্বানীকে ‘আসসালামু আলাইকুম, ভাই’ লিখে বার্তা পাঠান সাদিক কায়েম। একই বছরের ৩ আগস্ট আবারও বার্তা দিয়ে নিজেকে ‘ভার্সিটির ছোট ভাই’ হিসেবে পরিচয় দেন তিনি। পরবর্তীতে ২০১৯ সালের ৩১ জানুয়ারি আরেকটি বার্তায় নিজেকে হলের ছোট ভাই হিসেবে উল্লেখ করেন। তবে এসব বার্তার কোনো উত্তর দেননি বলে স্ক্রিনশটে দেখা যায়।
বিষয়টি সামনে এনে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মন্তব্যে গোলাম রাব্বানী লিখেছেন, যেহেতু সাদিক কায়েম তাকে বিশ্ববিদ্যালয় ও হলের ছোট ভাই হিসেবে পরিচয় দিয়েছে, তাই ফান্ডে রেখে আসা তিন লাখ টাকাও খরচ করে ফেলতে পারে—এ বিষয়ে তার আর কোনো দাবি নেই।
স্ক্রিনশটটি প্রকাশ করেন জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের। পোস্টে তিনি লিখেছেন, জীবনে কাউকে অবহেলা না করার শিক্ষা নেওয়া উচিত। তার ভাষ্য অনুযায়ী, একসময় উপেক্ষিত সাদিক কায়েম এখন জননন্দিত ছাত্রনেতা, আর রাব্বানী সমালোচিত অবস্থানে রয়েছেন।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে সময়ের পরিবর্তনের প্রতিফলন হিসেবে দেখছেন, আবার কেউ রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি মূল্যায়নের আহ্বান জানিয়েছেন।
এসএইচ







































