• ঢাকা
  • বুধবার, ২৫ মার্চ, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা যাচ্ছে


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০২৬, ০৯:০০ পিএম
মির্জা আব্বাসের শারীরিক অবস্থা সম্পর্কে যা জানা যাচ্ছে

ফাইল ছবি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার তার ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, মঙ্গলবার তার শরীর থেকে অক্সিজেন সরিয়ে নেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নিতে পারছেন। তিনি চোখ মেলে তাকাচ্ছেন এবং ধীরে ধীরে সাড়া দিচ্ছেন।

গত ১২ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে দ্রুত তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মস্তিষ্কের সিটি স্ক্যানে জটিলতা ধরা পড়লে জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড গঠন করা হয় এবং অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন দুই দফায় তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

অস্ত্রোপচারের পর চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর ন্যাশনাল হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানকার নিউরোসায়েন্স ইউনিটে তার চিকিৎসা চলছে।

মির্জা আব্বাসের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান সোহেল জানান, আইসিইউ থেকে তাকে ইতোমধ্যে কেবিনে নেওয়া হয়েছে। শরীরে সংযুক্ত বেশিরভাগ যন্ত্রপাতি খুলে ফেলা হয়েছে। এখন নাকে টিউব ফিডিংয়ের মাধ্যমে তাকে তরল খাবার দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, মির্জা আব্বাস মাঝেমধ্যে চোখ খুলছেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। তবে তার কথাবার্তা এখনও স্পষ্ট নয়।

এসএইচ 

Wordbridge School
Link copied!