• ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

ধানমন্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন


নিজস্ব প্রতিবেদক আগস্ট ২০, ২০২৬, ০২:২৬ পিএম
ধানমন্ডি ৩২ ভাঙচুর: ড. ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন

ফাইল ছবি

ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং ভবনটি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগে ড. মুহাম্মদ ইউনূস, সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। একই ঘটনায় অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৫ হাজার ব্যক্তিকেও অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে মামলার আবেদন করেন তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী। তবে, মামলার আবেদনটি গ্রহণ করা হবে কি না, সে বিষয়ে আদালত এখনো কোনো আদেশ দেননি।

বাদীপক্ষের আইনজীবী এ কে এম শরীফ উদ্দিন জানান, আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। মামলার নথি পর্যালোচনা শেষে এ বিষয়ে আদেশ দেওয়া হবে।

মামলার আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট কয়েকজন আসামির প্রত্যক্ষ বা পরোক্ষ মদদ, উসকানি ও সহযোগিতায় বিপুল সংখ্যক ব্যক্তি বেআইনিভাবে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক ভবনে হামলা চালান। এ সময় তারা ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি সেখানে থাকা বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন, দলিল, বই-পুস্তক ও মূল্যবান সামগ্রীর ক্ষতি এবং লুটপাট করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আবেদনে আরও বলা হয়, পরে দুটি বুলডোজার, এক্সক্যাভেটর, হ্যামারসহ ভারী যন্ত্রপাতি এনে ভবনটি ভাঙার কাজ শুরু করা হয়। রাতভর চলা সেই কার্যক্রম পরদিন ৬ আগস্ট বিকেল পর্যন্ত চলে এবং ভবনটি গুঁড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

মামলার আবেদনে হাসনাত আবদুল্লাহর একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ওই পোস্টের পর ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে মিছিল নিয়ে হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ভবনটি ধ্বংস করা হয়।

আবেদনে বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান ড. মুহাম্মদ ইউনূস ও হাসনাত আবদুল্লাহ ছাড়াও আসামি করা হয়েছে সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, নাহিদ ইসলাম, মোস্তফা সরওয়ার ফারুকী, শফিকুল আলম, লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, মাহফুজ আলম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আক্তার হোসেন, সারজিস আলম, আবদুল হান্নান মাসুদ, সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুম, ডা. তাসনিম জারা, নাসিরুদ্দিন পাটোয়ারী, আরিফুল ইসলাম আদিব ও সালেহ উদ্দিন সিফাতকে।

এছাড়া, পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসাইন, কনক সারওয়ার, কর্নেল (অব.) নুরনবী, তাহরিমা জান্নাত সুরভী, মো. মিলন, ফাহিম আল চৌধুরী ও আবুল কালাম আজাদকেও আসামি করা হয়েছে।

পিএস

Link copied!