ফাইল ছবি
ঢাকা: দেশর পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালনা পর্ষদের চলমান সংকটের মধ্যে প্রতিষ্ঠানটিতে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আর্থিক কোম্পানি আইন অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, গত ১৯ আগস্ট প্রতিষ্ঠানটিতে চারজন কর্মকর্তা প্রশাসক হিসেবে যোগদান করেছেন। তারা হলেন- বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোস্তাকুর রহমান, অতিরিক্ত পরিচালক মো. মোকাদ্দাসুল আলম, অতিরিক্ত পরিচালক মো. মোশাররফ হোসেন ও যুগ্ম পরিচালক বিমল কুমার গাইন।
গত ১৬ আগস্ট প্রতিষ্ঠানটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও দুই স্বতন্ত্র পরিচালকসহ চারজন একযোগে পদত্যাগ করেন। এরপর আর্থিক প্রতিষ্ঠানটির পর্ষদ বিলুপ্ত করে দেয় বাংলাদেশ ব্যাংক।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক উত্তরা ফাইন্যান্সের পর্ষদ পুনর্গঠন করে।
উল্লেখ্য, উত্তরা ফাইন্যান্স দীর্ঘদিন ধরে আর্থিক অনিয়ম ও শাসন সংকটে জর্জরিত। ২০২২ সালে বিভিন্ন অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠানটির পর্ষদ ভেঙে দিয়েছিল।
প্রতিষ্ঠানটিতে বিশেষ অডিটে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া গেছে। ২০১৯ সালের আর্থিক ফলাফল ১১৮ কোটি টাকা মুনাফা থেকে সংশোধন করে ৩১০ কোটি টাকা লোকসান দেখানো হয়।
বর্তমানে প্রতিষ্ঠানটির ২০২২-২০২৫ সালের আর্থিক প্রতিবেদন এখনো প্রকাশিত হয়নি। নতুন নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রম তদারকি করবেন বলে জানা গেছে।
এএইচ/পিএস







































