• ঢাকা
  • শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সবজির দাম কমলেও কাঁচামরিচ নিয়ে অস্বস্তিতে ক্রেতা


নিজস্ব প্রতিবেদক জুলাই ৩১, ২০২৬, ০২:১৮ পিএম
সবজির দাম কমলেও কাঁচামরিচ নিয়ে অস্বস্তিতে ক্রেতা

ছবি : সংগৃহীত

ঢাকা: রাজধানীর বাজারগুলোতে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা কমেছে। তবে সেই স্বস্তি ম্লান করে দিয়েছে কাঁচামরিচ, ডিম ও পোলাওয়ের চালের দাম বৃদ্ধি।

শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় সবজির সরবরাহ কিছুটা বেড়েছে। ফলে অধিকাংশ সবজির দাম কমেছে। তবে সরবরাহ কম থাকায় সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় ১০০ টাকার বেশি বেড়েছে কাঁচামরিচের দাম। প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৬০ টাকায়। গত সপ্তাহে একই মরিচ বিক্রি হয়েছে ২০০ থেকে ২৪০ টাকায়।

এছাড়া করলা ১২০ টাকা, কচু ৭০ থেকে ৮০ টাকা, পেঁপে ৪০ টাকা, ঝিঙে ৮০ টাকা, টমেটো ১০০ থেকে ১২০ টাকা, গাজর ১০০ টাকা, ঢ্যাঁড়স ৮০ টাকা এবং পেঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। প্রতি পিস লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
 
এদিকে বাজার ঘুরে ডিমের বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৪৫ টাকায়। সাদা ডিমও ডজনে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়।
 
মুরগির বাজারে দেখা গেছে মিশ্র চিত্র। ব্রয়লার মুরগির দাম স্থিতিশীল রয়েছে। প্রতিকেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। তবে সোনালি মুরগির দাম কমে বিক্রি হচ্ছে ৩২০ টাকায়। অন্যদিকে লেয়ার মুরগির দাম কেজিতে ১০ টাকা বেড়ে ৩৬০ টাকায় উঠেছে।
 
মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।
 
চালের বাজারে সাধারণ চালের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে পোলাওয়ের চালের দাম। বর্তমানে প্রতি কেজি পোলাওয়ের চাল বিক্রি হচ্ছে ২০০ টাকায়।
 
অন্যদিকে মাছের বাজারে বড় ধরনের ওঠানামা নেই। বর্তমানে রুই মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৪০০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪০০ টাকা, চাষের পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা, চাষের কৈ ২০০ টাকা এবং তেলাপিয়া ২৫০ থেকে ২৬০ টাকা কেজি দরে।

পিএস

Link copied!