• ঢাকা
  • শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাকিস্তানে দুই কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৫ শ্রমিক


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৩১, ২০২৬, ০২:৫৪ পিএম
পাকিস্তানে দুই কয়লা খনিতে বিস্ফোরণ, নিহত ৩৫ শ্রমিক

ছবি : সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তানে দুটি কয়লাখনিতে বিস্ফোরণ ও ধসের ঘটনায় ৩৫ জন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় এখনো অন্তত ৮ জন শ্রমিক নিখোঁজ রয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) এই প্রাণহানির ঘটনা ঘটে। 

বেলুচিস্তানের রাজধানী কোয়েটার অদূরে সোরাঞ্জ নামের এক দুর্গম এলাকায় অবস্থিত খনিটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৪ জন নিহত হন। খনির মালিক কুরবান জোগেজাই জানান, ভূগর্ভে জমা হওয়া মিথেন গ্যাসের কারণেই এই বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় খনির ভেতরে মোট ৪২ জন শ্রমিক কাজ করছিলেন।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজকে কুরবান জোগেজাই বলেন, হতাহত শ্রমিকদের সবাই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার শাংলা জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার বিস্ফোরণের পরপরই বিধ্বস্ত খনিতে উদ্ধার অভিযান শুরু করে বেলুচিস্তানের প্রাদেশিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের (পিডিএমএ) উদ্ধারকারী দল। শুক্রবার (৩১ জুলাই) উদ্ধারকারী বাহিনীর এক সদস্য জানান, নিখোঁজ সব শ্রমিকের খোঁজ না পাওয়া পর্যন্ত তাদের তৎপরতা অব্যাহত থাকবে।

একই দিনে বেলুচিস্তানের হারনাই জেলার আরেকটি কয়লাখনিতে বড় আকারের পাথরের স্তূপ ধসে পড়ে আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।

জোড়া দুর্ঘটনার পর বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি ঘটনার কারণ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

পিএস

Link copied!