• ঢাকা
  • বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ৬, ২০২৬, ০২:০৩ পিএম
পুঁজিবাজারে সরাসরি তালিকাভুক্তির বিধিনিষেধ প্রত্যাহার

ফাইল ছবি

ঢাকা: স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির (ডাইরেক্ট লিস্টিং) ওপর ২০২০ সালে আরোপ করা বিধিনিষেধ প্রত্যাহার করেছে সরকার। ফলে সরকারি, বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন কোম্পানির সরাসরি শেয়ারবাজারে তালিকাভুক্তির পথ খুলেছে। 

অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখা থেকে সোমবার (৫ অক্টোবর) এ–সংক্রান্ত একটি চিঠি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। এতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের পুঁজিবাজার-১ শাখার উপসচিব মো. মামুন রশীদ স্বাক্ষর করেছেন।

চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের টেকসই উন্নয়নের স্বার্থে সরাসরি তালিকাভুক্তির ওপর আগে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলো।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বিএসইসির ১৯ আগস্ট ২০২৬ তারিখের একটি পত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ৯ ফেব্রুয়ারি ২০২০ তারিখে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের একটি স্মারকের মাধ্যমে স্টক এক্সচেঞ্জে সরাসরি তালিকাভুক্তির বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। নতুন চিঠির মাধ্যমে সেই বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে।

সরাসরি তালিকাভুক্তির ক্ষেত্রে আইপিও ছাড়াই বিদ্যমান শেয়ার বিক্রি করে কোনো কোম্পানি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হতে পারে। তবে এ ক্ষেত্রে কী কী শর্ত পূরণ করতে হবে, তা বিএসইসির বিধিমালায় নির্ধারিত হবে। প্রস্তাবিত ২০২৬ সালের খসড়া বিধিমালায় নির্দিষ্ট শর্তে বিদ্যমান শেয়ারহোল্ডারদের ১০ থেকে ২০ শতাংশ শেয়ার বিক্রির মাধ্যমে সরাসরি তালিকাভুক্তির সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে।

এএইচ/পিএস

Link copied!