ফাইল ছবি
জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠ পর্যায়ের জনবলের বেতন নির্ধারণের কাজ এগিয়ে নিতে নতুন নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এর অংশ হিসেবে মাউশির অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মচারীদের পূর্ণাঙ্গ তথ্য আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে এসংক্রান্ত চিঠি জারি করা হয়। চিঠিতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ প্রক্রিয়ায় অধিকতর স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আইবাস প্লাস প্লাসের অর্গানোগ্রাম সাব-মডিউলের ডেটাবেইসে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলমান রয়েছে। সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার উদ্দেশ্যে আইবাস প্লাস প্লাসের পে ফিক্সেশন সাব-সিস্টেমে নতুন বেতন স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, মাউশি অধিদপ্তর ও এর অধীন মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য অর্গানোগ্রাম সাব-মডিউলে এন্ট্রি করতে হবে। পাশাপাশি এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোও এই সাব-মডিউলে অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে বলা হয়েছে।
চিঠিতে জানানো হয়েছে, তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা (রুম নম্বর-৫৩০) এবং সফট কপি নিকোশ ফন্টে ওয়ার্ড ডকুমেন্ট হিসেবে নির্দিষ্ট ইমেইল ঠিকানায় পাঠাতে হবে। নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড, পদসংখ্যা এবং মন্তব্যের তথ্য চাওয়া হয়েছে।
এসএইচ







































