• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম


নিজস্ব প্রতিবেদক নভেম্বর ২৬, ২০২৬, ০২:২৪ পিএম
গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখা-কার্যালয় ক্ষতিগ্রস্ত, বন্ধ ২৯টির কার্যক্রম

ফাইল ছবি

ঢাকা: দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অনাকাঙ্ক্ষিত ঘটনায় গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত এসব ঘটনা ঘটে। নিরাপত্তাজনিত কারণে ব্যাংকটির ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে গ্রাহকসেবা, ঋণ বিতরণসহ ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অবকাঠামো ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি গ্রাহকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখা ও কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় ব্যাংকটির কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪ জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। নিজস্ব ভবন ও স্থাপনার সংখ্যা ৬৭৭টি।

বিভিন্ন স্থানে সংঘটিত এসব ঘটনায় ব্যাংকটির অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

গ্রামীণ ব্যাংকের কার্যক্রম দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে বিস্তৃত। ব্যাংকটির সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। অন্যদিকে সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এ ছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকা বিনিয়োগ রয়েছে।

ব্যাংকটির শাখা বন্ধ থাকায় গ্রামীণ অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চললেও সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা প্রয়োজনীয় ঋণসেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহা সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য ঋণ গ্রহণেও সমস্যায় পড়ছেন সংশ্লিষ্ট গ্রাহকেরা।

এতে গ্রামীণ পর্যায়ে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক বলেছে, গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ে সংঘটিত এসব ঘটনা ব্যাংকের সম্পদ, স্বাভাবিক কার্যক্রম এবং কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। একই সঙ্গে এর প্রভাব পড়তে পারে আর্থিক অন্তর্ভুক্তি ও প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে।

ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এএইচ/পিএস

Link copied!