• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬,
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ


নেত্রকোনা প্রতিনিধি  নভেম্বর ২৬, ২০২৬, ০১:৩৮ পিএম
নেত্রকোনায় এনসিপি নেতার বাসায় অগ্নিসংযোগ

ছবি : প্রতিনিধি

নেত্রকোনা: নেত্রকোনা পৌর শহরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতা মো. ফাহিম রহমান খান পাঠানের বাসায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে বাসার বারান্দার একটি কক্ষে থাকা কিছু আসবাবপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে বাসার বারান্দার একটি কক্ষে আগুন দেখতে পেয়ে ভেতরে থাকা লোকজন তা নেভানোর চেষ্টা করেন। পরে স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করেন।

ফাহিম রহমান খান পাঠান এনসিপির কেন্দ্রীয় কমিটির বেসরকারি পেশাজীবী সহসম্পাদক ও দলটির নেত্রকোনা জেলা কমিটির সাবেক সদস্যসচিব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-২ (সদর-বারহাট্টা) আসনে শাপলা কলি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন তিনি।

ঘটনার সময় ফাহিম রহমান খান পাঠান ঢাকায় অবস্থান করছিলেন। মোবাইল ফোনে তিনি জানান, বেশ কিছুদিন ধরে অজ্ঞাত নম্বর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। বিষয়টি কেন্দ্রীয় নেতাদের জানানো হয়েছে। বাসায় অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ আওয়ামী লীগের দোসররা জড়িত বলে অভিযোগ করেন তিনি।

অগ্নিসংযোগের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের। তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

পিএস

Link copied!