ছবি: সংগৃহীত
ঢাকা: সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা খরচে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ জন কর্মী। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদেরকে বিদায় শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান দিনটিকে বাংলাদেশের জন্য অত্যন্ত স্মরণীয় দিন হিসেবে আখ্যায়িত করেন। তিনি বলেন, আজ ১১২ জন কর্মী মালয়েশিয়ায় যাচ্ছেন এবং পর্যায়ক্রমে প্রায় ১০ হাজার মানুষকে প্রায় বিনা পয়সায় মালয়েশিয়ায় পাঠানো সম্ভব হচ্ছে। দীর্ঘদিন বিষয়টি বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় আবারও শ্রমিক পাঠানো শুরু করা সম্ভব হয়েছে উল্লেখ করে তিনি দেশটির সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, কর্মীদের আরও দক্ষ হিসেবে পাঠাতে পারলে তা কর্মী ও দেশ উভয়ের জন্যই লাভজনক হতো। সরকার ইতোমধ্যে বিভিন্ন দেশে গমনেচ্ছু শ্রমিকদের নানাভাবে দক্ষ করে গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেছে। বিশেষ করে বিদেশে কর্মক্ষেত্রে ভাষা একটি বড় বিষয় উল্লেখ করে তিনি জানান, আগামী কয়েক মাসের মধ্যেই বিভিন্ন দেশে গমনেচ্ছু কর্মীদের জন্য সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।
বিদেশগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, বিদেশে আপনাদের প্রত্যেককে বাংলাদেশ হিসেবেই চিনবে। তাই সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং আইনকানুন ও নিয়মকানুন যথাযথভাবে মেনে চলতে হবে। আপনাদের দিয়েই তারা বাংলাদেশকে বিচার করবে। আপনারা যে কোম্পানিতে কাজ করবেন, সেখানে সুনামের সঙ্গে কাজ করলে আপনাদের দেখাদেখি তারা আরও বাংলাদেশি শ্রমিক নিতে উৎসাহিত হবে। তাদের মনে আত্মবিশ্বাস জন্মাবে যে এ দেশের মানুষ ভালো।
সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বিদায়ী কর্মীদের সুস্থতা ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। একই সঙ্গে এ সুযোগ তৈরিতে ভূমিকা রাখায় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও সচিবসহ সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
বক্তব্য শেষে শুভেচ্ছা স্মারক ও প্রয়োজনীয় নথিপত্র হস্তান্তর এবং বিদায়ী কর্মীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় উপস্থিত কর্মীদের সঙ্গে কুশল বিনিময়কালে তিনি আবারও মনে করিয়ে দেন, বিদেশের মাটিতে কর্মীদের কথাবার্তা, আচার-ব্যবহার ও কাজকর্মের ওপরই বাংলাদেশের ভাবমূর্তি নির্ভর করে। তাই দেশের সম্মান বজায় রেখে নিয়মকানুন মেনে চলার চেষ্টা করতে হবে।
পিএস







































